প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন। ৫৬ বছর বয়সী মোজতবা তার বাবার নীতি ও আদর্শের উত্তরাধিকারী হিসেবে পরিচিত।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বাবার শাসনামলে মোজতবা কোনো সরকারি পদে ছিলেন না। তবে নেপথ্যে তিনি ইরানের ক্ষমতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন।
সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের সমর্থন লাভ করেন। মধ্যরাতের পরে ইরানের শীর্ষ ধর্মীয় সংস্থা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে নতুন নেতা হিসেবে ঘোষণা করে।
মোজতবা খামেনি ১৯৬৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামি পণ্ডিত, মহানবীর বংশধর (সৈয়দ) এবং ১৯৮০’র দশকে ইরান-ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের শাসনামলে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিরোধীদের অভিযোগ, ২০০৯ সালে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের পুনর্নির্বাচনের পর প্রতিবাদ দমন অভিযানে মোজতবার ভূমিকা ছিল। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, তার সম্পদের পরিমাণ প্রায় ১০ কোটি ডলার এবং তা বিভিন্ন আন্তর্জাতিক স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা রয়েছে।
মোজতবার স্ত্রী জোহরা হাদ্দাদ-আদেলও গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। ইসরাইল ইতিমধ্যেই নতুন নেতৃত্বকে সতর্ক করেছে।
তথ্যসূত্র: এএফপি, ব্লুমবার্গ, ইরানি কর্তৃপক্ষ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!