ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘর্ষের প্রভাবে মধ্যপ্রাচ্যের পর্যটন ও ভ্রমণ খাতে প্রতিদিন গড়ে ৬০০ মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। এই তথ্য দিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (WTTC)। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় কমে যাওয়ায় এবং আকাশপথে যাতায়াত ব্যাহত হওয়ায় এই ধস নেমেছে।
ডব্লিউটিটিসি জানায়, আঞ্চলিক যোগাযোগের বিঘ্ন, পর্যটকদের মধ্যে আস্থার সংকট এবং বিমান চলাচলে অচলাবস্থা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে চাহিদা তলানিতে ঠেকিয়েছে। বৈশ্বিক পর্যটনের ৫ শতাংশ এবং আন্তর্জাতিক ট্রানজিট ট্রাফিকের ১৪ শতাংশ এই অঞ্চলের ওপর নির্ভরশীল। সাধারণ সময়ে দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইনের প্রধান বিমানবন্দরগুলোতে প্রতিদিন প্রায় ৫ লাখ ২৬ হাজার যাত্রী যাতায়াত করেন, তবে সাম্প্রতিক দুই সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে।
২০২৬ সালের জন্য মধ্যপ্রাচ্যের পর্যটন খাতের পূর্বাভাস অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটকদের কাছ থেকে ২০৭ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য ছিল। তবে যেকোনো ব্যাঘাত পর্যটন ইকোসিস্টেমে দ্রুত এবং বড় ধরনের অর্থনৈতিক প্রভাব ফেলে।
ডব্লিউটিটিসি-র প্রেসিডেন্ট ও সিইও গ্লোরিয়া গেভারা আশার বাণী দিয়েছেন। তিনি বলেন, “ভ্রমণ ও পর্যটন খাত অত্যন্ত স্থিতিস্থাপক এবং অতীতে দ্রুত ঘুরে দাঁড়ানোর রেকর্ড রয়েছে।” পর্যটকদের আস্থা ফিরিয়ে আনতে সঠিক তথ্য সরবরাহ, সরকারি-বেসরকারি সমন্বয় এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।
সূত্র: সিএনএন
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!