আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে দুই ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

আপডেট: মার্চ ১২, ২০২৬ : ০৮:০১ এএম
হরমুজ প্রণালিতে দুই ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

ইরান আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে ভারতের দুটি ট্যাংকার জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে। ট্যাংকার দুটি হলো ‘পুষ্পক’ এবং ‘পরিমল’। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এর সঙ্গে ফোনালাপের মাধ্যমে এই বিষয়ে আলোচনা করেন। ওই ফোনালাপের জেরেই দুই ট্যাংকারকে নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেয় ইরান।

এর আগে বুধবার হরমুজ প্রণালিতে থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজে ইরানের প্রতিরক্ষা বাহিনী হামলা চালায়। এতে জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তিন নাবিক নিখোঁজ হন, যাদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছেন। এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছিল।

হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের তেল ও তরল গ্যাসের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট। প্রতিদিনের বিশ্বব্যাপী তেল পরিবহনের ২০ শতাংশ এই রুট ব্যবহার করে। ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবে পরিচিত এই প্রণালিতে যেকোনো ব্যাঘাত গ্লোবাল জ্বালানি সরবরাহে প্রভাব ফেলে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপর থেকে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। যুদ্ধ শুরু হওয়ার পর এটি প্রথমবারের মতো কোনো দেশের তেলবাহী ট্যাংকারকে প্রণালি দিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হলো।

সূত্র: দ্য ইকোনমিক টাইমসত, ফার্স্টপোস্ট

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!