ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত আজ ১৪তম দিনে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যজুড়ে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এই যুদ্ধের প্রভাব ছড়িয়েছে আন্তর্জাতিক অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায়। গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিম্নরূপ:
নতুন হামলা: উত্তর ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পক্ষ থেকে ইসরায়েলি ভূখণ্ডে নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানে একটি প্রধান মহাসড়কে হামলায় রেড ক্রিসেন্টের তিন কর্মী আহত হয়েছেন।
ফরাসি সেনা নিহত: ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এক হামলায় ফ্রান্সের এক সেনাসদস্য নিহত হয়েছেন, আর কয়েকজন আহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই তথ্য নিশ্চিত করেছেন। ইরবিলের গভর্নর জানান, হামলাটি কুর্দি বাহিনী ও আন্তর্জাতিক জোটের একটি ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছিল।
এশীয় শেয়ারবাজারে পতন: বিশ্ববাজারের অস্থিতিশীলতার কারণে শুক্রবার সকালে এশিয়ার শেয়ারবাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রুশ তেলের লাইসেন্স: ট্রাম্প প্রশাসন নতুন একটি লাইসেন্স ইস্যু করেছে, যার মাধ্যমে দেশগুলো সাময়িকভাবে নির্দিষ্ট কিছু রুশ তেল পণ্য কিনতে পারবে। এর উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।
হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ: মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ইরানের সামরিক কৌশল সঠিকভাবে অনুমান করতে পারেনি। ইরান যে এত দ্রুত হরমুজ প্রণালি বন্ধ করতে পারে, তা ওয়াশিংটন আগে থেকে আঁচ করতে পারেনি।
মার্কিন রণতরীতে অগ্নিকাণ্ড: মার্কিন নৌবাহিনীর রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’-এর লন্ড্রি এলাকায় আগুন লেগে দুই নাবিক আহত হয়েছেন। তবে পঞ্চম ফ্লিট জানিয়েছে, এটি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত নয় এবং ১৩ বিলিয়ন ডলারের রণতরীটি বর্তমানে পুরোপুরি সচল।
সূত্র: সিএনএন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!