আন্তর্জাতিক

‘আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই’: ট্রাম্পের দাবি

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:০৬ এএম
‘আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই’: ট্রাম্পের দাবি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জয়ী হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের ফলাফল ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের বিজয় নিশ্চিত।

মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা বিজয়ী হয়েছি। আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী ও অস্ত্রাগারে বড় ধরনের আঘাত হেনেছি।” তিনি আরও অভিযোগ করেন, কিছু মার্কিন সংবাদমাধ্যম ‘ভুয়া সংবাদ’ ছড়াচ্ছে এবং বাস্তব পরিস্থিতি তুলে ধরছে না।

ট্রাম্প দাবি করেন, ইরানে কার্যত নেতৃত্বের পরিবর্তন ঘটেছে এবং নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ রক্ষা করছেন। এ ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও অন্যান্য কূটনীতিকদের সংলাপের কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। পরদিনই যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক হামলা চালায়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এতে দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার কথাও বলা হচ্ছে। পাশাপাশি হতাহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে তারা।

এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ১৫ দফা প্রস্তাব ইতোমধ্যে পাকিস্তানের মাধ্যমে তেহরানে পাঠানো হয়েছে।

সূত্র: এএফপি

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!