আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে নতুন বার্তা দিয়েছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার। সরকার জানিয়েছে, হরমুজে ‘অশত্রুভাবাপন্ন’ বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
গতকাল মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সদস্য রাষ্ট্রগুলোর কাছে চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, আগ্রাসী শক্তি যেন হরমুজ প্রণালিকে হামলার জন্য ব্যবহার করতে না পারে, এজন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে নির্দিষ্ট শর্তে ‘অশত্রুভাবাপন্ন’ বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং চলমান যুদ্ধে তাদের সমর্থনকারী দেশগুলোকে ইরান ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচনা করে। তাই তাদের বাণিজ্যিক জাহাজ ‘অশত্রুভাবাপন্ন’ ক্যাটাগরিতে পড়বে না।
ইরানের চিঠির অনুলিপি ইতোমধ্যেই আইএমও’র সব সদস্য দেশের কাছে পৌঁছেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিশ্বব্যাপী তেল ও তরল গ্যাসবাহী জাহাজের ২০ শতাংশ চলাচল এই রুট ব্যবহার করে। হরমুজ প্রণালীকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবে বিবেচনা করা হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ক্রুদের সতর্কবার্তা দেওয়া শুরু করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। একই সময় এক ডজনেরও বেশি তেলবাহী জাহাজে হামলাও চালানো হয়েছে। নিরাপত্তা সংকটের কারণে এই রুটে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিয়েছে।
সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!