ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা সব বিদেশি জাহাজকে টোল দিতে বাধ্য করার একটি নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে সেই আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজকে এক নাম প্রকাশে অনিচ্ছুক পার্লামেন্ট সদস্য জানিয়েছেন, “এই আইন হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ ও তদারকিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে এবং বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থাও নিশ্চিত করবে।”
জ্বালানি পণ্য পরিবহনের জন্য আন্তর্জাতিক বাণিজ্যপথ হিসেবে হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। এই প্রণালির মাধ্যমে বৈশ্বিক তেলের প্রায় এক পঞ্চমাংশ পরিবহন হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করেছে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরবরাহ ব্যাহত করেছে এবং তেলের দাম বৃদ্ধির পাশাপাশি বিশ্বের বহু দেশের ভোগান্তি বাড়িয়েছে।
ইরান জানিয়েছে, এই অবরোধ শুধুমাত্র ‘শত্রুভাবাপন্ন’ দেশ যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য হবে। ‘অশত্রু’ বা ‘মিত্রভাবাপন্ন’ দেশগুলোর জাহাজের চলাচলে কোনো বাধা দেওয়া হবে না।
তবে ২৪ মার্চ, জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত বিশেষায়িত সংস্থা (আইএমও)-কে পাঠানো চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব দেশ বাণিজ্যিক প্রয়োজনে হরমুজ প্রণালি ব্যবহার করতে চায়, তাদের জাহাজকে হরমুজে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!