আন্তর্জাতিক

হরমুজে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলাচলে অনুমতি দেবে ইরান

আপডেট: মার্চ ২৬, ২০২৬ : ০১:২৭ পিএম
হরমুজে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলাচলে অনুমতি দেবে ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ ছয়টি দেশের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইরান।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান জানিয়েছে, ‘বন্ধুরাষ্ট্র’ হিসেবে বিবেচিত কিছু দেশের জাহাজের জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত থাকবে। এ তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, ইরাক ও পাকিস্তান।

আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি; বরং জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিনি জানান, বিভিন্ন দেশ তাদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে এবং সমন্বয় করছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের দুটি জাহাজ এই পথ ব্যবহার করেছে এবং আরও কয়েকটি দেশ, এমনকি বাংলাদেশও ইরানের সঙ্গে আলোচনা করে এই পথ ব্যবহারের অনুমতি নিয়েছে।

বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবহন হয়। তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করেছে ইরান। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়া এবং তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরান এর আগেও জানিয়েছে, এই নিয়ন্ত্রণ ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর জন্য প্রযোজ্য হবে। তবে মিত্র বা অশত্রু দেশগুলোর জাহাজ চলাচল অনুমোদিত থাকলেও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে হরমুজে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

এদিকে, ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজের ওপর টোল আরোপের একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরানের পার্লামেন্ট। ইতোমধ্যে এ সংক্রান্ত খসড়া তৈরির কাজ শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি, রয়টার্স।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!