জাপানের বৃহত্তম দ্বীপ হনশু-এ ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয়।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার রাতে জাপানে ৪ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার গভীরে।
ভৌগোলিক অবস্থানের কারণে জাপান রিং অব ফায়ার অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে প্যাসিফিক প্লেট ও ফিলিপাইন সি প্লেটের সংযোগস্থলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।
নিয়মিত ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় জাপানে ভবন ও অবকাঠামো এমনভাবে নির্মাণ করা হয়, যাতে তা নিম্ন ও মাঝারি মাত্রার কম্পন সহ্য করতে পারে।
সূত্র: এএফপি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!