নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ নেওয়ার একদিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। আজ শনিবার ভোরে রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে নিজ নিজ বাসভবন থেকে তাঁদের গ্রেপ্তার করে কাঠমান্ডু ভ্যালি পুলিশ।
কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী সাংবাদিকদের বলেন, বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দেশজুড়ে ব্যাপক জেন-জি আন্দোলন শুরু হয়। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন রমেশ লেখক।
সেপ্টেম্বরের ৮ ও ৯ তারিখ আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। ওই দুই দিনে অন্তত ৭০ জন নিহত হন, যাঁদের মধ্যে ১৯ জন আন্দোলনকারী ছিলেন।
জনরোষের মুখে গত ১১ সেপ্টেম্বর পদত্যাগ করেন কে পি শর্মা অলি। এর আগেই পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। পরে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
অন্তর্বর্তী সরকার জনঅভ্যুত্থান ও সংঘর্ষের ঘটনা তদন্তে সাবেক বিশেষ জজ গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে একটি কমিশন গঠন করে। সেই কমিশনের প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই আজকের এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ৫ জানুয়ারির সাধারণ নির্বাচনে জয়ী হয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামেও পরিচিত। ৩৫ বছর বয়সী এই নেতা দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।
গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং বলেন, “এটি কোনো প্রতিশোধ নয়; এটি ন্যায়বিচারের প্রতিশ্রুতির বাস্তবায়ন। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
সূত্র: ফার্স্টপোস্ট
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!