যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের তেলসম্পদ এবং ‘অর্থনীতির মেরুদণ্ড’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপ দখল নেওয়ার বিষয় বিবেচনা করছে দেশটি। তিনি এ কথা বলেছেন ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ হলো ইরান থেকে তেল নেওয়া। তবে কিছু লোক প্রশ্ন তুলতে পারে, কিন্তু তারা নির্বোধ।” তিনি আরও বলেন, “আমরা খার্গ দ্বীপের দখল নিতে পারি, বা সেখানে কিছু সময়ের জন্য অবস্থানও নিতে পারি—আমাদের হাতে অনেক বিকল্প আছে।”
খার্গ দ্বীপে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প মন্তব্য করেন, “আমার মনে হয় না খার্গ দ্বীপে ইরানের কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা আছে। আমরা সহজেই সেটি দখল নিতে পারি।”
উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। বিবিসি অনুযায়ী, ইরানের খনিগুলোতে মজুত তেলের পরিমাণ কমপক্ষে ২০৮.৬ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের প্রায় ১১.৮২%। ভেনেজুয়েলা ও সৌদি আরবের পর এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম তেলের মজুদ। দেশের অর্থনীতির প্রায় ৯০% তেল রপ্তানির ওপর নির্ভরশীল এবং এর সিংহভাগ চীনে রপ্তানি করা হয়।
পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে ২৬ কিলোমিটার এবং হরমুজ প্রণালি থেকে ৪৮৩ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত ৫ বর্গমাইল আয়তনের খার্গ দ্বীপ ইরানের জ্বালানি বাণিজ্যের ‘প্রাণ’ হিসেবে পরিচিত। দেশটির ৯০% অপরিশোধিত তেল ও তরল গ্যাস এই দ্বীপ থেকে বহির্বিশ্বে রপ্তানি হয়। কৌশলগতভাবেও দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: বিবিসি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!