গ্রিসে আঘাত হানতে পারে শক্তিশালী ঝড় ‘এরমিনিও’। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশটির বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকতে বলেছে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতের এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, ঝড়টির প্রভাবে বুধবার (১ এপ্রিল) থেকে গ্রিসের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি, বজ্রসহ ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। বিশেষ করে আত্তিকা (এথেন্সসহ), থেসালি, সেন্ট্রাল গ্রিস, ইভিয়া, পেলোপনেস ও ডোডেকানিজ দ্বীপপুঞ্জে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
দূতাবাসের তথ্যমতে, প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় ৮ থেকে ১০ বিউফোর্ট গতির ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত পরিস্থিতি সবচেয়ে বেশি তীব্র হতে পারে, যা বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হতে পারে।
এ অবস্থায় প্রবাসীদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা ও গাছের নিচে অবস্থান না করতে, নিচু এলাকা ও নদী–খাল সংলগ্ন স্থান এড়িয়ে চলতে এবং যানবাহন চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করারও অনুরোধ জানিয়েছে দূতাবাস।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!