আন্তর্জাতিক

‘যুদ্ধে যা পায়নি, আলোচনায় তা চাইছে যুক্তরাষ্ট্র’: ইরান

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৫:৪৫ এএম
‘যুদ্ধে যা পায়নি, আলোচনায় তা চাইছে যুক্তরাষ্ট্র’: ইরান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দীর্ঘ বৈঠকের পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। প্রায় ২১ ঘণ্টার আলোচনা শেষে কোনো চুক্তি ছাড়াই ফিরে গেছেন দুই দেশের প্রতিনিধিরা।

বৈঠক ব্যর্থ হওয়ার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের ‘উচ্চাকাঙ্ক্ষী শর্ত’কে দায়ী করেছে ইরান। দেশটির সংবাদমাধ্যম ফার্স নিউজ ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুদ্ধে যা অর্জন করা সম্ভব হয়নি, আলোচনার মাধ্যমে তা আদায়ের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র।

ইরানি সূত্রের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি, ইরানের পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের অবস্থান ভিন্ন হওয়ায় আলোচনা ভেস্তে যায়। বিশেষ করে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়ায়।

এর আগে ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ হলেও কোনো সমাধান আসেনি। পরে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

পরবর্তীতে উত্তেজনা প্রশমনে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় বসেছিল দুই পক্ষ। তবে সর্বশেষ এই বৈঠকও কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো।

সূত্র: আল জাজিরা

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!