আন্তর্জাতিক

ইরানে আবার হামলার কথা ভাবছেন ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

আপডেট: এপ্রি ১৩, ২০২৬ : ০৬:০০ এএম
ইরানে আবার হামলার কথা ভাবছেন ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা স্থায়ী কোনো সমাধানে না পৌঁছানোর পর এই ভাবনা সামনে এসেছে বলে প্রতিবেদনে বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানানো হয়, হরমুজ প্রণালিতে নৌ অবরোধের পাশাপাশি সম্ভাব্য সামরিক পদক্ষেপও বিবেচনায় রেখেছেন ট্রাম্প।

এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোর দিকে নৌ অবরোধ কার্যকর করা হবে। তবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজকে সরাসরি বাধা দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে।

এই অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠে গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তেহরান নতি স্বীকার করবে না।

প্রতিবেদনটির বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউজ বিবিসিকে জানায়, সব বিকল্প পথই খোলা রাখা হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট কৌশলগতভাবে বিভিন্ন পদক্ষেপ বিবেচনায় রাখছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা সব জাহাজে নজরদারি ও অবরোধের নির্দেশ দেওয়ার কথা জানান। অন্যদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির কাছে কোনো সামরিক জাহাজ এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প আরও বলেন, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে অনিচ্ছুক ছিল। তারা আলোচনায় ফিরুক বা না ফিরুক—এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!