আন্তর্জাতিক

সংলাপ ভেস্তে যাওয়ার পর তেলের দাম বাড়ল প্রায় ৮ শতাংশ

আপডেট: এপ্রি ১৩, ২০২৬ : ০৬:০৩ এএম
সংলাপ ভেস্তে যাওয়ার পর তেলের দাম বাড়ল প্রায় ৮ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে অবরোধের ঘোষণাও দামের এই ঊর্ধ্বগতিকে ত্বরান্বিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স–এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ১০১ দশমিক ৯১ ডলারে, যা আগের দিনের তুলনায় ৬ দশমিক ৭১ ডলার বা প্রায় ৭ দশমিক ৫ শতাংশ বেশি।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ১০৪ দশমিক ১৬ ডলারে, যা আগের দিনের তুলনায় ৭ দশমিক ৫৯ ডলার বা প্রায় ৭ দশমিক ৮৬ শতাংশ বেশি।

বাজার বিশ্লেষকদের মতে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ–এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়া এবং পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর হরমুজ প্রণালিতে অবরোধের ঘোষণা তেলের বাজারে অস্থিরতা বাড়িয়েছে।

জ্বালানি খাতের বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় আগে তেলের দাম কিছুটা কমেছিল। তবে সংলাপ ব্যর্থ হওয়া এবং নতুন করে উত্তেজনা বৃদ্ধির কারণে বাজার আবার অনিশ্চয়তার দিকে ফিরে গেছে।

গত কয়েক দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে বিরোধ চলছে। সাম্প্রতিক সংলাপ ব্যর্থ হওয়ায় সেই উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!