জাতীয় সংসদ

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু

আপডেট: জানু ১৭, ২০২৬ : ০৫:৫৯ এএম ১১
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের অষ্টম দিনের শুনানি আজ শুরু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২-এর অডিটোরিয়ামে নির্বাচন কমিশনে (ইসি) এ শুনানি শুরু হয়। ইসি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।

আজ ৫১১ নম্বর থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন।

এদিকে গতকাল নির্বাচন কমিশনে মোট ৪৩টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল নামঞ্জুর করেছে কমিশন। এ ছাড়া চারটি আপিল আবেদন শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!