আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ার পর আগামী বুধবার (২১ জানুয়ারি) বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারের বেশি প্রার্থী বৈধ তালিকায় রয়েছেন। এসব প্রার্থী দলীয় ও স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বচ্ছ ব্যালট পেপার ও ব্যালট বাক্সের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।
প্রার্থিতা প্রত্যাহার সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পরিপত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর ১৬ অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত তারিখ বা তার আগে নিজে অথবা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে সইযুক্ত লিখিত নোটিশ দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিলে সে ক্ষেত্রে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমমর্যাদাসম্পন্ন পদধারীর স্বাক্ষরিত লিখিত চিঠির মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করে রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে দলের অন্য মনোনীত প্রার্থীরা আর প্রার্থী হিসেবে গণ্য হবেন না।
একবার লিখিতভাবে প্রার্থিতা প্রত্যাহার বা দলীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা হলে তা আর কোনো অবস্থায় বাতিল বা পরিবর্তন করা যাবে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন ইতিমধ্যে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!