জাতীয় সংসদ

নাটোরে চূড়ান্ত প্রার্থী ২৫ জন

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৫:২৪ এএম ১০
নাটোরে চূড়ান্ত প্রার্থী ২৫ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে চারটি সংসদীয় আসনে চূড়ান্তভাবে ২৫ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। শেষ দিনে ছয়জন প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করায় এ সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) নাটোরে পাঁচজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান। এর আগে গত ১১ জানুয়ারি আরও একজন প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। সব মিলিয়ে ছয়জন প্রার্থী সরে দাঁড়ানোর পর জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত হলো।

আজ বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর আগামীকাল ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

মঙ্গলবার দিনব্যাপী নাটোরের জেলা প্রশাসক ও সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিনের কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।

কার্যালয় সূত্রে জানা গেছে, জোটগত আসন সমঝোতার অংশ হিসেবে নাটোর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইদুর রহমান দুপুরে তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন। একই কারণে জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী টিংকু সরকারও নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এদিকে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে অপর স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পক্ষে কাজ করার ঘোষণা দেন। একই আসনে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান খেলাফত মজলিসের প্রার্থী ড. আজাবুল হক এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী এ এস এম মোকাররেবুর রহমান নাসিম।

এর আগে, ১১ জানুয়ারি নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সমর্থন জানিয়ে তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

প্রার্থিতা প্রত্যাহার শেষে নাটোর-১ আসনে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯ জন প্রার্থী। নাটোর-২ আসনে ৬ জন, নাটোর-৩ আসনে ৫ জন এবং নাটোর-৪ আসনে লড়াইয়ে থাকছেন ৫ জন প্রার্থী।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নাটোরে নির্বাচনী প্রতিযোগিতা পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে। এরপর থেকেই জেলাজুড়ে পুরোদমে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

আরএস-রাসেল

Tags:
জাতীয় সংসদ নির্বাচন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!