আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বুধবার বিকাল ৫টা থেকে ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, কমিশনের ওয়েবসাইট বা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়ার পর ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে।
ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, “‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা থেকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপ দেখে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে ২৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।”
ইসির আরও বার্তায় বলা হয়, অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কেউ দিতে পারবে না এবং ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তাও নিশ্চিত করা হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, ১২১টি দেশে অবস্থানরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্পন্ন হয়েছে।
ইসির তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!