আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় মোট ১,৯৮১ জন প্রার্থী ভোটের লড়াইয়ে নামছেন।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী রয়েছেন ১,৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৯ জন।
সবচেয়ে বেশি ২৮৮টি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৩টি আসনে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ১৯২টি, গণঅধিকার পরিষদ ৯০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩০টি আসনে প্রার্থী দিয়েছে।
ইসি জানায়, ২৯৮টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হলেও পাবনা-১ ও পাবনা-২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। তাই ওই দুই আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ২৭ জানুয়ারির পর জানা যাবে।
নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে।
এর আগে, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!