জাতীয় সংসদ

কারচুপির স্পর্ধা দেখাবেন না: রুমিন ফারহানা

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:১৭ এএম ১৩
কারচুপির স্পর্ধা দেখাবেন না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়। তিনি বলেন, এবার কোনোভাবেই ম্যানিপুলেটেড নির্বাচন হতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের নিরাপত্তা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ জানিয়ে লিখিত আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, তাঁর আজ নির্বাচনী এলাকায় থাকার কথা থাকলেও বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়েছে। তাঁর অভিযোগ, প্রশাসন ও পুলিশের যে পরিমাণ নিরপেক্ষ থাকার কথা, বাস্তবে তারা ততটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না।

তিনি আরও অভিযোগ করেন, তাঁর নির্বাচনী কর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। কর্মীদের বাড়িঘরে হামলা, মারধর করে হাসপাতালে পাঠানো, মাথা ফাটানো এবং বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পরও পুলিশ এখন পর্যন্ত কোনো মামলা গ্রহণ করেনি বলে দাবি করেন তিনি।

নির্বাচন কমিশনের প্রতি কঠোর বার্তা দিয়ে রুমিন ফারহানা বলেন, তিনি বড় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নির্বাচন করছেন। প্রশাসন যদি পুরোপুরি নিরপেক্ষ না থাকে, তাহলে ছাত্র-জনতার ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। ২০১৮ সালের মতো আরেকটি কারচুপির নির্বাচন হলে তার পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অবহিত করার কথাও জানান এই প্রার্থী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। সেখানে মাঠপর্যায়ের প্রকৃত চিত্র ও উদ্বেগের বিষয়গুলো তুলে ধরবেন।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলনের কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ প্রায় ১৫ বছর ধরে সংগ্রাম করেছে। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, বাংলাদেশে আর কোনো কারচুপির নির্বাচন হতে দেব না।’

সব ধরনের প্রতিকূলতার মধ্যেও নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, অভিযোগ যতই থাকুক, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!