আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে দেশি ও বিদেশি পর্যবেক্ষক মিলিয়ে বড় পরিসরের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে নিবন্ধিত ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিদেশি পর্যবেক্ষক হিসেবে থাকবেন প্রায় ৫০০ জন প্রতিনিধি।
আজ সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পর্যবেক্ষকসংক্রান্ত চূড়ান্ত এই তথ্য জানানো হয়।
ইসির তথ্য অনুযায়ী, ৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থা কেন্দ্রীয় পর্যায়ের জন্য ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যায়ের জন্য ৪৭ হাজার ৪৫৭ জন পর্যবেক্ষকের চাহিদা জানায়। কেন্দ্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকেরা নিজ নিজ এলাকার আসন বাদ দিয়ে অন্য এলাকায় ভোট পর্যবেক্ষণ করতে পারবেন বলে জানিয়েছে কমিশন।
এর আগে রোববার রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনৈতিক মিশন ও জাতিসংঘ প্রতিনিধিদের জন্য আয়োজিত ব্রিফিংয়ে পর্যবেক্ষকসংক্রান্ত এই তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়ে ভোটাররা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাঁদের মতামত দেবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!