শীতকালে ভেজা চুল নিয়ে বাইরে বেরোনো যেমন অস্বস্তিকর, তেমনি ঠান্ডা লাগার ঝুঁকিও থাকে। তাই অনেকেই নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। তবে অতিরিক্ত তাপ চুলের জন্য ক্ষতিকর। এমনিতেই দূষণ, মানসিক চাপ ও প্রতিদিনের স্টাইলিংয়ের কারণে চুল নানা সমস্যার মুখে পড়ে। শীতকালে হেয়ার ড্রায়ারের ভুল ব্যবহার চুলের ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে। তবে সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব।
শীত ও তাপের প্রভাব চুলে
শীতকালে ঠান্ডা বাতাস মাথার ত্বক ও চুল থেকে স্বাভাবিক আর্দ্রতা কেড়ে নেয়। এর সঙ্গে হেয়ার ড্রায়ারের উচ্চ তাপ যুক্ত হলে চুল দ্রুত শুষ্ক ও ভঙ্গুর হয়ে পড়ে। অনেকের চুল কোঁকড়ানো হয়ে যায়, এমনকি দীর্ঘমেয়াদে চুল পাতলা হওয়ার ঝুঁকিও তৈরি হয়।
এ সময় মাথার ত্বকে প্রাকৃতিক তেল উৎপাদন কমে যায়। ভেজা চুলে অতিরিক্ত তাপ প্রয়োগ করলে পানির দ্রুত বাষ্পীভবনে চুলের কিউটিকল স্তর ক্ষতিগ্রস্ত হয়। ফলে চুল রুক্ষ হয়ে যায় এবং আগা ফেটে যাওয়ার প্রবণতা বাড়ে।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহারে চুলের প্রোটিন গঠন, বিশেষ করে কেরাটিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফল হিসেবে ধীরে ধীরে চুল পড়া বাড়ে এবং চুল প্রাণহীন দেখায়।
তবে কিছু সতর্কতা মেনে চললে চুলের বড় ধরনের ক্ষতি ছাড়াই হেয়ার ড্রায়ার ব্যবহার করা যায়।
আগে প্রাকৃতিকভাবে চুল শুকাতে দিন
চুল ধোয়ার পরপরই হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো। তোয়ালে দিয়ে আলতো করে চুল মুছে নেওয়ার পর কিছু সময় বাতাসে শুকাতে দিন। এতে চুলে অতিরিক্ত তাপের চাপ কম পড়ে।
আর্দ্রতা ধরে রাখার চেষ্টা করুন
ড্রায়ার ব্যবহার করার সময় কম বা মাঝারি তাপ বেছে নিন। ড্রায়ার মাথার খুব কাছে না এনে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। একই স্থানে দীর্ঘ সময় তাপ না দিয়ে বাতাস চলমান রাখলে চুল কম ক্ষতিগ্রস্ত হয়।
তাপ সুরক্ষা পণ্য ব্যবহার করুন
হেয়ার ড্রায়ারের আগে তাপ-প্রতিরক্ষাকারী সিরাম বা ক্রিম ব্যবহার করা জরুরি। এসব পণ্য চুলের চারপাশে একটি সুরক্ষাবলয় তৈরি করে, যা তাপের সরাসরি প্রভাব কমায় এবং চুলের গুরুত্বপূর্ণ প্রোটিনকে রক্ষা করে।
সামান্য সচেতনতা ও সঠিক ব্যবহারের মাধ্যমেই শীতকালে হেয়ার ড্রায়ার ব্যবহার করে চুল সুন্দর ও স্বাস্থ্যকর রাখা সম্ভব।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!