লেবু স্বাভাবিকভাবেই কম ক্যালোরির একটি ফল। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লেবুর পানি শরীর হাইড্রেট রাখতে সহায়ক, হজমে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। ওজন নিয়ন্ত্রণে থাকা অনেকের খাদ্যতালিকায় তাই লেবুর পানি নিয়মিত জায়গা করে নিয়েছে। তবে কেবল পানিতে মিশিয়ে খাওয়ার মধ্যেই লেবুর উপকারিতা সীমাবদ্ধ নয়। বিভিন্নভাবে খাবারে লেবু যোগ করলে উপকার পাওয়া যায় আরও বেশি।
ভেষজ চায়ে লেবু মেশাতে পারেন
গ্রিন টি, আদা চা বা দারুচিনি চায়ে এক টুকরো লেবু যোগ করলে স্বাদ যেমন বাড়ে, তেমনি উপকারিতাও বাড়ে। বিশেষজ্ঞদের মতে, গ্রিন টির সঙ্গে লেবু যোগ করলে শরীর অ্যান্টিঅক্সিডেন্ট আরও ভালোভাবে শোষণ করতে পারে। এটি বিপাকক্রিয়া উন্নত করতে এবং ওজন কমানোর প্রচেষ্টায় সহায়ক হতে পারে।
লেবু মিশ্রিত পানি পান করুন
হাইড্রেটেড থাকা সুস্থতার অন্যতম শর্ত। অনেকেই স্বাভাবিক পানি পর্যাপ্ত পরিমাণে পান করতে পারেন না। পানিতে লেবুর টুকরো বা সামান্য রস যোগ করলে তা পান করা সহজ হয়। এতে শরীর বেশি পানি গ্রহণ করে, যা ক্ষুধা নিয়ন্ত্রণ এবং বিপাকক্রিয়া সক্রিয় রাখতে সাহায্য করে।
সালাদ ড্রেসিং হিসেবে ব্যবহার করুন
স্বাস্থ্যকর সালাদ অনেক সময় অতিরিক্ত ক্যালোরিযুক্ত ড্রেসিংয়ের কারণে তার উপকারিতা হারায়। ভারী সসের বদলে অল্প তেল, ভেষজ ও মসলা মিশিয়ে লেবুর রস ব্যবহার করলে কম ক্যালোরিতে স্বাদ পাওয়া যায়। এতে অতিরিক্ত লবণ বা চিনি গ্রহণও কমে।
প্রোটিনসমৃদ্ধ খাবারের সঙ্গে লেবু খান
ডাল, মাছ, পনির বা ভাজা মাংসের সঙ্গে লেবুর রস যোগ করলে শুধু স্বাদই বাড়ে না, হজমও সহজ হয়। লেবু আয়রন শোষণে সহায়তা করে এবং প্রোটিনজাত খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে খাওয়ার পর অতিরিক্ত ক্ষুধা কম অনুভূত হয়।
খাবারের স্বাদ বাড়াতে লেবুর রস ও খোসা ব্যবহার করুন
অনেকেই লেবুর খোসা ফেলে দেন, অথচ খোসায় থাকে প্রাকৃতিক তেল ও তীব্র সাইট্রাস ঘ্রাণ। স্টার-ফ্রাই, স্যুপ বা রোস্ট করা খাবারে সামান্য লেবুর রস বা খোসা কুরিয়ে দিলে স্বাদ বেড়ে যায়। এতে অতিরিক্ত লবণ বা ভারী সস ব্যবহারের প্রয়োজনও কমে।
সব মিলিয়ে বলা যায়, নিয়মিত খাদ্যতালিকায় সচেতনভাবে লেবু যোগ করলে স্বাদ ও পুষ্টি—দুয়োটাই পাওয়া সম্ভব। তবে অ্যাসিডিটির সমস্যা থাকলে পরিমাণের বিষয়ে সতর্ক থাকা ভালো এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!