ময়মনসিংহ

ত্রিশালে খাল দখল ও দূষণে বিপর্যস্ত কৃষকরা

আপডেট: এপ্রি ০১, ২০২৬ : ০৬:১১ এএম
ত্রিশালে খাল দখল ও দূষণে বিপর্যস্ত কৃষকরা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামের গজারিয়া খাল ভয়াবহ দূষণের কবলে পড়ে কার্যত মৃতপ্রায় হয়ে গেছে। সিমেন্ট মিশ্রিত শিল্পবর্জ্য খালে ফেলার ফলে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দূষিত পানি আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে পড়ছে। এতে এলাকার কয়েকটি গ্রামের কৃষক মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত গজারিয়া খাল এখন বর্জ্য নিঃসরণের স্থানে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এনডিই রেডিমিক্স কোম্পানি খালে সিমেন্ট মিশ্রিত পানি ফেলে যাচ্ছে। খালের পানি দূষিত হওয়ায় ধান ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, মাটি শক্ত ও উর্বরতা হারাচ্ছে।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “কৃষিকেই জীবনের লক্ষ্য হিসেবে নিয়েছিলাম, কিন্তু এখন স্বপ্ন ভেঙে চুরমার। খালের দূষিত পানি জমিতে ঢুকে মাটি নষ্ট করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

আরেক কৃষক আব্দুল রাজ্জাক জানান, “পানি দূষিত হওয়ায় ধানগাছ হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। কোনো ফসলই ঠিকমতো হচ্ছে না, চরম ক্ষতির মুখে পড়েছি।”

এ বিষয়ে এনডিই রেডিমিক্সের ম্যানেজার মিজানুর রহমান বলেন, “সিমেন্ট মিশ্রিত পানি খালে যাচ্ছে, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। দ্রুত খাল খননের ব্যবস্থা নেওয়া হবে।”

ত্রিশাল উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান জানান, “এ বিষয়ে আমরা খুব শিগগিরই সরেজমিনে পরিদর্শন করব। সিমেন্ট মিশ্রিত পানি জমিতে পড়লে মাটির স্বাভাবিক গঠন নষ্ট হয়, যা ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত করে।”

ত্রিশাল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনে ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবী করেছেন, অবিলম্বে খালে শিল্পবর্জ্য ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি বিকল্প সেচযোগ্য পানি, ক্ষতিপূরণ ও সরকারি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!