আজ চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের সাত বছর পূর্ণ হলো। ২০ ফেব্রুয়ারি ২০১৯ সালে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন প্রাণ হারিয়েছিলেন। সেই বিভীষিকাময় রাতের স্মৃতি আজও ভুক্তভোগী পরিবারগুলোকে তাড়া করছে।
দীর্ঘ সাত বছরেও মামলার বিচারকাজ শেষ না হওয়ায় নিহতদের পরিবারের প্রত্যাশা থমকে আছে। গত সাত মাসে এই মামলায় একজন সাক্ষীও আদালতে হাজির হননি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. আসিফ চোখে জল নিয়ে বলেন, “বাবার মৃত্যুর পর আমাদের পুরো সংসার এলোমেলো হয়ে গেছে। আমরা কী অবস্থায় আছি, সেটা বোঝানোই সম্ভব নয়।” তার বাবা জুম্মন ওয়াহেদ চুড়িহাট্টার ওই রাতে ওয়াহেদ ম্যানসনের একটি ডেকোরেটরের দোকানে পুড়ে মারা যান।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে অগ্নিকাণ্ডের পর মো. আসিফ চকবাজার থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযুক্তরা হলেন– ওয়াহেদ ম্যানসনের মালিক হাসান সুলতান ও হোসেন সুলতান, রাসায়নিক গুদামের মালিক ইমতিয়াজ আহমেদ, পরিচালক মোজাম্মেল ইকবাল, ব্যবস্থাপক মোজাফফর উদ্দিন, মোহাম্মদ জাওয়াদ আতিক, মো. নাবিল ও মোহাম্মদ কাশিফ। বর্তমানে তারা সকলেই জামিনে রয়েছেন।
মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৯ মার্চ। নিহতদের পরিবার এখন দ্রুত ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!