নাগরিকের কথা ডেস্ক

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সঙ্গে জুবাইদা রহমানের ইফতার

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৪:৩০ এএম
সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের সঙ্গে জুবাইদা রহমানের ইফতার

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গতকাল রাজধানীর গুলশান–এ জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত নারী ও শিশু অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কন্যাশিশুর নিরাপদ ও মানবিক বিকাশ নিশ্চিত করাকে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, একাডেমিক ও কারিগরি শিক্ষার সমন্বয়ে কন্যাশিশুরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। মাধ্যমিক পর্যায় থেকেই তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এতে দেশ-বিদেশে কর্মসংস্থানে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে বলে মন্তব্য করেন। পাশাপাশি মাধ্যমিক স্তর থেকে কারিগরি শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

পোশাকশ্রমিকদের প্রসঙ্গে জুবাইদা রহমান বলেন, শিল্পকারখানায় সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা প্রয়োজন। এ ছাড়া ডে-কেয়ার সেন্টার, নিরাপদ আবাসন ও যাতায়াতব্যবস্থা নিশ্চিত করতে হবে। “একজন কন্যাশিশু ও একজন মা যখন নিরাপদে কর্মস্থলে যেতে পারবে, তখনই নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব হবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম, উপদেষ্টা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান ও সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!