জাতীয়

সংবিধান বিকৃতি রোধে স্থায়ী পরিবর্তন চান: পার্বত্য উপদেষ্টা

আপডেট: জানু ১৭, ২০২৬ : ০৬:০১ এএম ১৯
সংবিধান বিকৃতি রোধে স্থায়ী পরিবর্তন চান: পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সংবিধান যেন ভবিষ্যতে কেউ ইচ্ছেমতো বিকৃত করতে না পারে—সে জন্য একটি স্থায়ী পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে, যা রাষ্ট্র ও গণতন্ত্রকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেবে।

গতকাল শুক্রবার খাগড়াছড়ি জেলা টাউন হলে আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার প্রতিপাদ্য ছিল— ‘গণভোট ২০২৬ : দেশের চাবি আপনার হাতে’। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দেশের চাবি এখন জনগণের হাতে। নিজেদের আকাঙ্ক্ষা পূরণ এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও ধর্মীয় সম্প্রীতির একটি দৃষ্টান্তে পরিণত করতে হবে। ক্ষমতার টানাপোড়েনের রাজনীতি থেকে বেরিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়াই এই গণভোটের মূল লক্ষ্য।

উপদেষ্টা বলেন, তিনি কোনো নির্দিষ্ট প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানাতে আসেননি। জনগণই নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। জুলাইয়ের আন্দোলনে জনগণ যেভাবে দায়িত্বশীল ভূমিকা রেখেছিল, এবারও তেমনি তারা গণভোটকে সফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি উপস্থিত সবার উদ্দেশে জুলাই সনদের ১১ দফা মনে রাখার আহ্বান জানান। একই সঙ্গে বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে।

সভায় জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জেলা ও রামগড় তথ্য অফিসের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতন করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। বিশেষ অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!