পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গত ১৫ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। তিনি বলেন, এ অর্থপাচারের বড় অংশই হয়েছে প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতির মতো করে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীতে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘পরবর্তী প্রজন্মের পেশা: নৈতিক এআই এবং টেকসই রিপোর্টিংয়ের রূপান্তর’।
অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সক্রিয় সদস্য হিসেবে বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ও সম্মিলিত পদক্ষেপের পক্ষে অবস্থান নেয়।
তিনি বলেন, আমরা এমন এক সময়ে বসবাস করছি, যখন দ্রুতগতির প্রযুক্তিগত অগ্রগতি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে তাঁর পেশাসহ বিশ্বজুড়ে নানা পেশাকে রূপান্তরিত করছে। একই সঙ্গে ব্যবসা ও প্রশাসনে টেকসই উন্নয়ন, স্বচ্ছতা ও নৈতিক অনুশীলনের ওপর আন্তর্জাতিকভাবে গুরুত্ব বাড়ছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তি ও টেকসই সক্ষমতার এই সমন্বয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে আরও গভীর সংহতির জন্য দেশের পেশাজীবীদের শুধু প্রযুক্তিগত দক্ষ হলেই চলবে না; তাঁদের নৈতিক ও সামাজিকভাবে দায়বদ্ধও হতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!