সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কুইক রেসপন্স টিমের (কিউআরটি) মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হবে।
আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে নারীদের অংশগ্রহণে উৎসাহিত করা, নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদার করা এবং কুইক রেসপন্স টিমের কার্যক্রমের শুভ সূচনা উপলক্ষে ‘পাশে আছি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শারমীন এস মুরশিদ বলেন, বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিকার ও প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে। কুইক রেসপন্স টিমের মাধ্যমে দ্রুত সারভাইভারদের জরুরি সেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে আমরা চাই, আমাদের কোনো পাড়া-মহল্লা বা গ্রামে যেন একটি নারীকেও অপমানের শিকার হতে না হয় এবং একটি শিশুর ওপরও যেন নির্যাতন না হয়। এই দায়িত্ব নিতে হবে আমাদের তরুণ সমাজকে।’
উপদেষ্টা জানান, সরকার ৩০৯ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ এবং কুইক রেসপন্স টিম কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে। স্বাস্থ্য, স্বরাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার, ধর্ম, শিক্ষা, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রম, প্রবাসী কল্যাণসহ মোট ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে।
তিনি বলেন, এসব উদ্যোগের আওতায় বর্তমানে ১৪টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ৬৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে টোলফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯, ন্যাশনাল ও আঞ্চলিক ট্রমা কাউন্সিলিং সেন্টার, ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ও স্ক্রিনিং ল্যাবরেটরি এবং রিয়েল টাইম মনিটরিং ডেটাবেইজের মাধ্যমে সারা দেশে কাজ চলছে।
গণভোটে নারীর অংশগ্রহণ এবং নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে শারমীন এস মুরশিদ বলেন, ‘হ্যাঁ মানে সংস্কার, হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, হ্যাঁ মানে নারীর নিরাপদে বেড়ে ওঠা। একটি নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া জরুরি।’
নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নারী অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!