জাতীয়

ষড়যন্ত্রে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান

আপডেট: জানু ১৭, ২০২৬ : ০৫:৪৯ পিএম
ষড়যন্ত্রে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র করে কেউ বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না।

আজ শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একটি মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবার সদস্যরা।

তারেক রহমান বলেন, “দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো স্তিমিত হয়েছে, আবার কখনো আন্দোলন তুঙ্গে উঠেছে। এই আন্দোলনে বছরের পর বছর ধরে অসংখ্য গুম, খুন ও নির্যাতন হলেও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হলেও অন্য ভাই পরের দিন রাজপথে দাঁড়িয়ে আন্দোলন তীব্রতর করেছে। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ষড়যন্ত্র কিংবা অপপ্রচারের মাধ্যমে কেউ বিএনপিকে দমন করতে পারবে না।”

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “গুম-খুনের সেই বিভীষিকাময় দিন শেষ হয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি আমাদের সত্যিকারভাবে সান্ত্বনার ভাষা নেই। তবে আমরা প্রতিজ্ঞা করছি, শহীদের আত্মত্যাগকে প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।”

তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদ পরিবারের নামে গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি-বেসরকারি স্থাপনার নামকরণ করবে, যাতে শহীদদের গৌরব স্মরণীয় হয়ে থাকে।

তারেক রহমান সতর্ক করেন, “কেউ গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চাইলে জনগণকে সচেতন থাকতে হবে। দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে।”

মতবিনিময় সভায় অংশ নেন সারাদেশ থেকে আসা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যরা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরীসহ শহীদ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি ও আমরা বিএনপি পরিবারের সদস্য জাহিদুল ইসলাম রনি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!