স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়; এটি জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সেবা ও আইনের শাসন নিশ্চিত করা।
আজ রোববার (১৮ জানুয়ারি) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী প্রস্তুত। নির্বাচনি দায়িত্ব পালনের সময় পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না।
তিনি আরও বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু এবং কোনো পুলিশ সদস্য যদি ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক সুবিধার জন্য দায়িত্বচ্যুত হয়, তবে তা দেশের ভিত্তিকে দুর্বল করে দেয়। পেশাগত জীবনে চ্যালেঞ্জ থাকলেও সততা ও দেশপ্রেম থাকলে কোনো বাধা হতে পারে না।
সমাপনী কুচকাওয়াজে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী বিপিএম।
৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৯৬ জন প্রশিক্ষণার্থী সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে বাস্তব কর্মজীবনে প্রবেশ করেছেন। বিভিন্ন শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা। সমাপনী কুচকাওয়াজ শেষে তাঁরা বিভিন্ন জেলায় ছয় মাসের বাস্তব প্রশিক্ষণে পদায়িত হবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!