জাতীয়

গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:৪২ পিএম ১০
গণভোটের রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোটের ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে; শক্তি প্রয়োগ বা দমনমূলক পথ গ্রহণ করা যাবে না। তিনি বলেন, কোনোভাবেই যেন ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে, সে জন্য সংস্কার জরুরি। অপশাসন থেকে মুক্তি চাইলে সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে এবং গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে।

আজ রোববার (১৮ জানুয়ারি) নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ক্ষমতা ধরে রাখতে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় ফ্যাসিবাদ কায়েম করে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার মতো ঘটনা ঘটানো হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে, সে জন্য গণভোটে জনগণকে সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা আঁকড়ে ধরার প্রবণতা রোধ করতে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার বিকল্প নেই।

গণভোটের গুরুত্ব তুলে ধরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জনগণের রায় যদি ‘হ্যাঁ’-এর পক্ষে আসে, তাহলে কেউ আর ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। এতে জনগণ আরও ক্ষমতায়িত হবে এবং নাগরিক মর্যাদা বাড়বে। গুম ও খুনের সংস্কৃতি থেকে উত্তরণ, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করতেও পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া প্রয়োজন।

সংসদ সদস্য নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে সরকার গঠনের জন্য এমন প্রতিনিধি নির্বাচন করতে হবে, যারা নিজেদের স্বার্থ নয়, বরং জনগণের কল্যাণে কাজ করবেন।

গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এটি তাদের রাজনৈতিক অধিকার। সে কারণেই গণভোটে ‘না’ অপশন রাখা হয়েছে।

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. আবু জাফর, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আয়াতুল্লাহ ও ছাত্রনেতা আলিফ সিদ্দিকী প্রান্ত।

অনুষ্ঠানে নীলফামারী জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!