জাতীয়

নির্বাচনের আগে ৫৩ হাজারের বেশি অপরাধী গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০২:৩৫ পিএম ২৪
নির্বাচনের আগে ৫৩ হাজারের বেশি অপরাধী গ্রেপ্তার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগে সারা দেশে ৫৩ হাজার ৩৬৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ৩৩ হাজার ৫১৩ জনকে। এ ছাড়া গত বছরের ১৩ ডিসেম্বর শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে আরও ১৯ হাজার ৮৫৪ জন।

তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ১৯১ রাউন্ড গুলি, ৭২২টি কার্তুজ এবং ৬৯৪টি দেশীয় অস্ত্র। এ ছাড়া গ্রেনেড, মর্টার শেল, বারুদ ও বোমা তৈরির উপকরণও উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করতে পারে—এমন যে কোনো ধরনের অপকর্ম কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের অবাধ চলাচল রোধ এবং অবৈধ ও লুটপাটকৃত অস্ত্র উদ্ধারে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে। চেকপোস্ট বৃদ্ধি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাঁদের সমন্বিত প্রচেষ্টার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার পাবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!