গণভোটের প্রচারণার দায়িত্ব সরকারের একার নয়; এ দায়িত্ব সব রাজনৈতিক দলের বলেও মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গণভোট একটি জাতীয় প্রক্রিয়া, যেখানে সবার অংশগ্রহণ ও ভূমিকা অপরিহার্য।
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোট প্রচারণার ভোটের গাড়ির সামনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ফাওজুল কবির খান বলেন, উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশের প্রতিটি জেলা ও বিভাগে গণভোটের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আগামী ২২ জানুয়ারির পর থেকে এই প্রচারণা গ্রাম পর্যায়েও ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, কোনো প্রার্থী নেই। সবাই আমাদের প্রার্থী। লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্বাচন আগের যেকোনো নির্বাচনের মতো নয়; এটি জাতি হিসেবে আমাদের জন্য দিকনির্দেশনা দেবে এবং একটি নতুন পথের সন্ধান দেবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কারও পরামর্শ, নির্দেশনা বা চাপে নয়—নিজের ইচ্ছা ও বিবেচনায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। এর মাধ্যমে একটি প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হবে, যারা জনগণের ওপর শাসন করবে না; বরং জনগণের প্রতিনিধি ও খাদেম হিসেবে কাজ করবে।
রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ তুলে ধরে ফাওজুল কবির খান বলেন, দেশে আর গুম, খুন ও দমন-পীড়নের রাজনীতি দেখতে চায় না মানুষ। এক ব্যক্তির শাসনব্যবস্থা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
তিনি বলেন, কেউ যদি মনে করেন আগের ব্যবস্থাই ঠিক ছিল এবং গুম-খুন বা বিরোধীদলের ওপর নিপীড়ন গ্রহণযোগ্য ছিল, তাহলে তিনি ‘না’ ভোট দিতে পারেন। আর যারা সংস্কার, পরিবর্তন এবং বিচারব্যবস্থার উন্নতি চান, তাঁদের অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাইজুল ইসলাম বক্তব্য দেন।
এ ছাড়া জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাধারণ ভোটাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!