জাতীয়

ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

আপডেট: জানু ২০, ২০২৬ : ০৪:৫১ পিএম ২৫
ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ঢাকায় একটি ফ্ল্যাট কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য পরিবারটিকে এক কোটি টাকা বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পর অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র আরও জানায়, ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে শরীফ ওসমান বিন হাদির স্ত্রী ও সন্তানদের পরিচয় যথাযথভাবে যাচাই ও নিশ্চিত করার শর্ত রাখা হয়েছে।

গৃহায়ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট কেনা ও তা সুসজ্জিত করতে এই অর্থ ব্যয় করা হবে। চলতি ২০২৫–২৬ অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবাসিক ভবন খাতে বরাদ্দকৃত ছয় কোটি টাকা থেকেই এ অর্থ ব্যয় করা হবে।

ফ্ল্যাট বরাদ্দসংক্রান্ত শর্তে বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে এ ব্যয় চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অর্থ অব্যয়িত থাকলে আগামী ৩০ জুনের মধ্যে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!