ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য প্রায় ৭২ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম সভা এবং অন্তর্বর্তী সরকারের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কেন্দ্রের বাইরে থাকা অন্যান্য ভোটকেন্দ্রে স্থানীয় প্রশাসন নিজ উদ্যোগে সিসিটিভির ব্যবস্থা করবে।
এদিকে একই ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাঠামো পুনর্বিন্যাসের বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, ডিএমপিকে ঢাকা উত্তর ও দক্ষিণ অথবা একাধিক অংশে ভাগ করলে কাজের গতি বাড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
প্রেস সচিব বলেন, ঢাকার আয়তন ও জনসংখ্যা দিন দিন বাড়ছে। নতুন একটি জরিপ অনুযায়ী, ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এ বিশাল নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। অপরাধ দমন ও ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে কীভাবে প্রশাসনিক কাঠামো সহজ ও যুগোপযোগী করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, এক সময় গুলশান ও মিরপুর আলাদা পৌরসভা হিসেবে পরিচালিত হতো—সেই ধরনের মডেল নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!