মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ দেশের আরও আট জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা হয়েছে।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, ই-বেইলবন্ড চালুর ফলে অনলাইনে জামিননামা দাখিল করা যাবে। এতে আসামিকে এক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত করা সম্ভব হবে। প্রচলিত পদ্ধতিতে যেখানে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, সেখানে এখন পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ডিজিটাল মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, আগে জামিন পেতে আসামিদের কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো। এতে আর্থিক খরচের পাশাপাশি ভোগান্তিও ছিল। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় পুরো প্রক্রিয়ায় কে কখন স্বাক্ষর করলেন, তার নির্দিষ্ট রেকর্ড থাকবে। ফলে ইচ্ছাকৃতভাবে আর কোনোভাবেই বিলম্ব ঘটানো যাবে না।
ড. আসিফ নজরুল আরও বলেন, পর্যায়ক্রমে দেশের সব জেলা আদালতে ই-বেইলবন্ড চালুর পরিকল্পনা রয়েছে। নারায়ণগঞ্জে পরীক্ষামূলকভাবে চালুর পর এটি সফল হওয়ায় এখন আরও আট জেলায় কার্যক্রম শুরু হলো। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে আরও কয়েকটি জেলায় এই সেবা চালু করা হবে। আশা করা হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৬৪ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করা সম্ভব হবে।
পরবর্তী সরকার এই উদ্যোগ অব্যাহত রাখবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিকভাবে সমস্যায় পড়তে পারে—এমন বিষয় বাদে প্রয়োজনীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট সব কার্যক্রম ভবিষ্যৎ সরকারগুলোও চালু রাখবে। ই-বেইলবন্ড একটি অত্যাবশ্যকীয় সেবা, যা বন্ধ হওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, বিচার ব্যবস্থা আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমাতেই প্রচলিত বেইলবন্ড পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-বেইলবন্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে বিচারপ্রার্থী, কারা প্রশাসন ও আইনজীবীদের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় কার্যক্রম শুরু হয়। আজ থেকে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় একযোগে এ সেবা চালু হলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!