জাতীয়

ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে: ফরিদা আখতার

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৪:৪৮ এএম ১১
ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও ওঁৎ পেতে আছে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি। তারা এখনো বিভিন্ন জায়গায় ওঁৎ পেতে রয়েছে এবং সুযোগ পেলেই আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইগড় এলাকায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, ফ্যাসিস্ট শক্তিগুলো এখনও হাত-পা গুটিয়ে বসে নেই। তারা সমাজে অস্থিরতা সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে চায়। এ কারণে বিভিন্ন এলাকায় সহিংসতা ও বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়েই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের মৌলিক সংস্কার একটি গণতান্ত্রিক ও জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। আগামী নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার গঠনের জন্য ‘হ্যাঁ’ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংস্কার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার একটি সুযোগ।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভূমিকাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, মসজিদের ইমাম ও খতিব, শিক্ষক এবং সচেতন নাগরিকেরা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তারা মানুষকে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করছেন।

নির্বাচন প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বারবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছেন। ভোট দিতে গিয়ে কেউ যেন ভয় না পান, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি নারী ভোটারদের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, মা-বোনেরা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নতুন ভোটাররা যেন অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করেন।

সমাবেশে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।


আরএস-রাসেল

Tags:
ফরিদা আখতার

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!