আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট মোকাবিলায় কানাডা থেকে ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কানাডার একটি প্রতিষ্ঠান থেকে এই তেল আমদানি করা হবে। এ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে ৩৫৭ কোটি ৬২ হাজার ১০০ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জরুরি বিবেচনায় কানাডার ‘এনএসআরআইসি গ্রিন সাপ্লাইস ইনকরপোরেটেড’ (উৎস: ব্রাজিল) থেকে তেলটি কেনা হবে। বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়ানো এবং মূল্য নিয়ন্ত্রণে রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।
হিসাব অনুযায়ী, দুই লিটার পেট বোতলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের দাম পড়ছে ১৩১ টাকা ৪৯ পয়সা। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহনসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ হলে প্রতি লিটারের দাম দাঁড়াবে ১৬৩ টাকা ৬ পয়সা।
সরকারি সূত্র জানিয়েছে, এই তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে খোলা বাজারে বিক্রি করা হবে। ফলে এ ক্ষেত্রে সরকারের কোনো ভর্তুকির প্রয়োজন হবে না।
এর আগে চলতি মাসের ৬ জানুয়ারি সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে থাইল্যান্ডের ‘প্রাইম কর্প ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। ওই সময়ে প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছিল ১৬২ টাকা ৬৩ পয়সা এবং মোট ব্যয় ধরা হয়েছিল ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!