জাতীয়

সড়ক উন্নয়নে ১ হাজার ৯৮ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৪:৫৩ এএম ১২
সড়ক উন্নয়নে ১ হাজার ৯৮ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নিরাপত্তা জোরদারে বিভিন্ন প্রকল্পে এক হাজার ৯৮ কোটি ৯১ লাখ ২১ হাজার ২১৩ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

বৈঠক সূত্রে জানা যায়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা’ প্রকল্পের আওতায় একাধিক প্যাকেজে ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে প্যাকেজ–১-এর আওতায় জাতীয় সড়ক নিরাপত্তা প্রদর্শনী পাইলট প্রকল্পের (এন–৪ ও এন–৬) প্রকৌশলগত উন্নয়নকাজের জন্য ২২২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৮৫৮ টাকা বরাদ্দ দেওয়া হয়।

একই প্রকল্পের প্যাকেজ–৩-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের অগ্রাধিকারভিত্তিক পূর্ত কাজের জন্য ১৮৮ কোটি ১৮ লাখ ৮০ হাজার ৯০৭ টাকা এবং পরামর্শক সেবার জন্য ৩৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার ২৩ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় চারটি পৃথক প্যাকেজের ব্যয় অনুমোদন দেওয়া হয়। প্যাকেজ–পিডব্লিউ–০৩-এর জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৪০ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৬৬১ টাকা, প্যাকেজ–পিডব্লিউ–০৪-এর জন্য ১৫২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২৫১ টাকা, প্যাকেজ–ডব্লিউপি–০৫-এর জন্য ১৩৯ কোটি ৭৪ লাখ ৭৭ হাজার ৪৪৩ টাকা এবং প্যাকেজ–ডব্লিউপি–০৬-এর জন্য ১২০ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৭০ টাকা।

সরকারি সূত্রে জানানো হয়, এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট অঞ্চলের সড়ক নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


আরএস-রাসেল

Tags:
সড়ক উন্নয়ন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!