জাতীয়

বিকল্প দেশ থেকে আনা হচ্ছে এলপিজি, রমজানের আগেই সমাধান: জ্বালানি উপদেষ্টা

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৪:৫৬ এএম ১১
বিকল্প দেশ থেকে আনা হচ্ছে এলপিজি, রমজানের আগেই সমাধান: জ্বালানি উপদেষ্টা

ইরান থেকে এলপিজি বহনকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে দেশে এলপিজির সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় বিকল্প দেশ থেকে এলপিজি আমদানি করা হচ্ছে এবং পবিত্র রমজান মাসের আগেই এ সংকটের সমাধান মিলবে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা এসব কথা বলেন। এলপিজি সংকটের কারণ ব্যাখ্যা করে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এলপিজি আমদানিকারক কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে তারা জানিয়েছে, আগে ইরান থেকে নিয়মিত এলপিজি আসত। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় ইরানি এলপিজি বহনকারী জাহাজগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব জাহাজই এ অঞ্চলে এলপিজি পরিবহন করত, ফলে সরবরাহে বিঘ্ন ঘটে।

তিনি বলেন, বর্তমানে আমদানিকারকেরা বিকল্প উৎস থেকে এলপিজি সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এতে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

রমজানের আগেই এলপিজির সংকট কেটে যাবে জানিয়ে উপদেষ্টা বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যাতে ভোক্তারা সহনীয় দামে এলপিজি কিনতে পারেন।

এলপিজি বিক্রির সময় রসিদ না দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ ক্ষেত্রে অনিয়ম কমাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। গ্রাহকের স্বার্থ রক্ষায় সরকারের সামর্থ্যের মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এলপিজি খাতটি মূলত বেসরকারি হওয়ায় সরাসরি সরকারি নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিয়মিতভাবে মূল্য সমন্বয় করে। তবে ভবিষ্যতে যাতে আগাম সরবরাহ পরিস্থিতি মূল্যায়ন করা যায়, সে জন্য বিইআরসি ও জ্বালানি বিভাগের মধ্যে একটি কার্যকর মনিটরিং ব্যবস্থার কথা ভাবা হচ্ছে।


আরএস-রাসেল

Tags:
জ্বালানি উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!