জাতীয়

ফ্ল্যাটের পাশাপাশি আরও এক কোটি টাকা পাবে হাদির পরিবার

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৪:৫৮ এএম ১০
ফ্ল্যাটের পাশাপাশি আরও এক কোটি টাকা পাবে হাদির পরিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাটের পাশাপাশি জীবন-জীবিকার জন্য আরও এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার তহবিল থেকে এ অর্থ দেওয়া হবে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, হাদির পরিবারের জন্য দুটি সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এক কোটি টাকা, যা মূলত একটি ফ্ল্যাট বা বাড়ির জন্য বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া প্রধান উপদেষ্টার তহবিল থেকে আলাদাভাবে আরও এক কোটি টাকা দেওয়া হবে, যা পরিবারের জীবন-জীবিকা নির্বাহে সহায়তার জন্য ব্যবহার করা হবে।

এর আগে হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গ তুলে সাংবাদিকেরা জানতে চান, এরপরও পরিবারকে ফ্ল্যাট ও নগদ অর্থ দেওয়ার যৌক্তিকতা কী—এ বিষয়ে তিনি বলেন, এ প্রশ্ন তাঁকে করলে লাভ নেই।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান দিতে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করে।

সূত্র জানায়, রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট কেনা ও তা সুসজ্জিত করার জন্য এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ন মন্ত্রণালয়ের চলতি ২০২৫–২৬ অর্থবছরের আবাসিক ভবন খাতে বরাদ্দকৃত অর্থ থেকেই এই ব্যয় নির্বাহ করা হবে।

বরাদ্দের শর্ত অনুযায়ী, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ বরাদ্দের প্রতিফলন নিশ্চিত করতে হবে। অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।


আরএস-রাসেল

Tags:
হাদি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!