জাতীয়

এবার নির্বাচনের দিন হবে ভবিষ্যতের জন্য আদর্শ: প্রধান উপদেষ্টা

আপডেট: জানু ২২, ২০২৬ : ০৫:০৮ এএম ১১
এবার নির্বাচনের দিন হবে ভবিষ্যতের জন্য আদর্শ: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করাই সরকারের মূল দায়িত্ব। নির্বাচনের দিন যেন কোথাও কোনো ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালের নির্বাচন এমন হবে যা ভবিষ্যতের নির্বাচনগুলোর জন্য একটি আদর্শ উদাহরণ হয়ে থাকবে।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানসহ নির্বাচন সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচনে প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে। ভোটকেন্দ্রে বডি ক্যামেরা ও সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষায় মূল সমন্বয়কের দায়িত্ব পালন করবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানান, নির্বাচনের দিন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা সচল রাখা হবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) নিশ্চিত করবে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা। প্রয়োজন হলে সশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রের আঙিনায় প্রবেশ করতে পারবে। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি বলেন, ভোটের চার দিন আগে বাহিনী মোতায়েন শুরু হবে এবং ভোটের পর সাত দিন মাঠে থাকবে।

প্রধান উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে দেশি ও বিদেশি বিপুলসংখ্যক সাংবাদিক এবং ২৬টি দেশের পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন। নির্বাচনকে সুন্দর ও গ্রহণযোগ্য করতে ধাপে ধাপে প্রস্তুতি ও পরীক্ষা শুরু হয়েছে।

আরএস-রাসেল

Tags:
প্রধান উপদেষ্টা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!