আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ড্রোন, ডগ স্কোয়াড, বিএনসিসি, স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো হয়েছে, যাতে ব্যালট বাক্স ছিনতাই বা অনিয়মের কোনো সুযোগ না থাকে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিআইডি সদর দপ্তরে আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী প্রতিটি ধাপে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, অতীতের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে সাধারণত একজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন। তবে এবার নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনে প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে দুইজন পুলিশ ও তিনজন আনসার সদস্য থাকবেন।
গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব কেন্দ্রে তিনজন পুলিশ সদস্যসহ মোট ছয়জন অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রেই অস্ত্রবিহীন (লাঠিসহ) ১০ জন আনসার সদস্য মোতায়েন থাকবে, যাদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী সদস্য থাকবেন।
নির্বাচন ঘিরে অনলাইনে গুজব ও বিভ্রান্তি ছড়ানো রোধে সিআইডির সাইবার ইউনিটকে সক্রিয় থাকার নির্দেশনাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়িয়ে মিথ্যা তথ্য প্রতিরোধ করতে হবে।
সভায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে সিআইডির প্রায় ৯০ শতাংশ জনবল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন ঘিরে অনলাইন প্ল্যাটফর্মে নজরদারি আরও জোরদার করা হবে।
সভা শেষে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!