আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই মাসের পর রাজনৈতিক দলগুলোর ভূমিকা ও কর্মকাণ্ড মূল্যায়ন করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি। এতে তিনি বলেন, কোন দল ও প্রার্থী জনগণের পক্ষে দাঁড়িয়েছে এবং কারা সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে বাস্তব ভূমিকা রেখেছে—সেসব বিবেচনায় নিয়েই ভোটের সিদ্ধান্ত নেওয়া উচিত।
স্ট্যাটাসে জামায়াত আমির জানান, আগামী ২৫ জানুয়ারির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে ভোটের দুটি তাৎপর্য রয়েছে। একটি হলো দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি ও দুঃশাসননির্ভর ব্যবস্থার সংস্কারের প্রশ্নে গণভোট। যারা প্রকৃত সংস্কার ও পরিবর্তন চান, তাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আরেকটি তাৎপর্য হলো ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত এবং জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটি বাংলাদেশ গড়ার পক্ষে অবস্থান নেওয়া।
তিনি আরও বলেন, যেসব ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে দুর্নীতি ও দুঃশাসনের সম্পৃক্ততা রয়েছে, তাদের প্রত্যাখ্যান করা উচিত। রাজনৈতিক দল হিসেবে সবারই ভোট চাওয়ার অধিকার রয়েছে, তবে ভোট দেওয়ার ক্ষেত্রে অতীত নয়—বরং জুলাইয়ের পর রাজনৈতিক দলগুলোর আচরণ ও ভূমিকা বিবেচনা করলেই সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী ও প্রতীক বেছে নেবেন। তবে ভোট শুধু ব্যক্তিগত অধিকার নয়, দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি দায়িত্বও।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!