আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের প্রার্থীদের জন্য ভোট চেয়েছেন। এর মধ্যে চারটি আসনে বিএনপির প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন সমঝোতার আওতায় দুই শরিক দলের প্রার্থীর প্রতীকেও ভোট দিতে বলেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে জেলার কট্টাপাড়া মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ‘মাথাল’ প্রতীক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবীবের ‘খেজুর গাছ’ প্রতীকে ভোট দেওয়ার কথা বলেন।
সমাবেশে তারেক রহমান বলেন, জোটের শরিক দলগুলোর নেতারা অতীতে বিএনপির আন্দোলনে পাশে ছিলেন। ভোটাধিকার ও মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁদের ভূমিকা রয়েছে। সে কারণে ধানের শীষের পাশাপাশি শরিক দলের প্রার্থীদেরও জয়ী করার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এসব প্রার্থীরা ধানের শীষের ‘ভাই’। আন্দোলনের সময় তাঁরা সহযোগিতা করেছেন, এখন দায়িত্ব হলো সবাইকে বিজয়ী করা।
সমাবেশে তারেক রহমান ভোটের দিন ভোটকেন্দ্রে ভোরে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান। তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সিদ্ধান্তই দেশ পরিচালনার দিকনির্দেশনা দেবে।
তিনি আরও বলেন, দেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়—দেশের মালিক জনগণ। তাই ভোটের মাধ্যমে জনগণকে নিজেদের মতামত প্রকাশ করতে হবে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে বিএনপি তাদের প্রচার কার্যক্রম শুরু করে। এরপর মৌলভীবাজার ও হবিগঞ্জে সমাবেশ শেষে রাতে ব্রাহ্মণবাড়িয়ায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!