জাতীয়

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের জন্য মানদণ্ড: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:২৯ এএম ১১
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যতের জন্য মানদণ্ড: অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড (বেঞ্চমার্ক) হয়ে থাকবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রথম বৈঠক ছিল।

বৈঠকে আসন্ন নির্বাচন, শ্রম আইনের সংস্কার, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকটসহ দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নয়ন সহযোগীরা ভোট পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাবে। এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে এবং ভবিষ্যতের নির্বাচনের জন্য নতুন মানদণ্ড তৈরি করবে।”

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যারা জয়ী হবেন, তাদের সঙ্গেই কাজ করার জন্য তিনি অপেক্ষা করছেন। এছাড়া নবঘোষিত শ্রম আইন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমানোতে ধন্যবাদ জানানো হয়েছে এবং বাণিজ্য আলোচনা চলমান। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের কৌশলগত গুরুত্ব, আসিয়ানের সদস্যপদ ও সার্কের পুনরুজ্জীবন বিষয়ে আঞ্চলিক সহযোগিতার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!