জাতীয়

পরাজিত শক্তি ও তাদের সহযোগীরা গণভোটে ‘হ্যাঁ’র বিরুদ্ধে: উপদেষ্টা আদিলুর রহমান খান

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:৫৬ এএম ১৩
পরাজিত শক্তি ও তাদের সহযোগীরা গণভোটে ‘হ্যাঁ’র বিরুদ্ধে: উপদেষ্টা আদিলুর রহমান খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি ও যারা ফ্যাসিবাদের সহযোগী, তারাই গণভোটে ‘হ্যাঁ’-এর বিরুদ্ধে দাঁড়াতে পারে। দেশের জনগণ ও জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রয়েছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রংপুর সফরে এসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশকে মুক্ত করেছে। যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ আমরা জানি। আমরা তাদের সঙ্গে রাজপথে ছিলাম। হাজার হাজার মানুষ আহত হয়েছে। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার এসেছে। তাই এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ হোক, এটা আমরা চাই।”

তিনি আরও বলেন, “গণভোট নিয়ে রংপুরের প্রশাসনের সঙ্গে আমি কথা বলব। ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য যারা জীবন দিয়েছে, তাদের চেতনা ও সাহসের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছে। তাই জুলাই সনদের পক্ষে গণভোট হবে। একটি জাতির জীবনে শত বছরে এমন সুযোগ আসে না। পাশাপাশি সাধারণ নির্বাচনও হচ্ছে। আশা করছি, তা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।”

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!