জাতীয়

সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির পরিবার

আপডেট: জানু ২৫, ২০২৬ : ০৪:৫১ এএম
সন্তান ও ভাইয়ের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন হাদির পরিবার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান শরিফ হাদির সন্তান ও তাঁর ভাইকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কায় নিরাপত্তা চেয়ে ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে হাদির মেঝো ভাই ওমর বিন হাদি শাহবাগ থানায় জিডিটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।

ওসি মনিরুজ্জামান বলেন, হাদির ভাই নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিডিতে ওমর বিন হাদি উল্লেখ করেন, ওসমান শরিফ হাদি হত্যাকাণ্ডের পর থেকে তিনি এবং হাদির সন্তান নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর ভাষ্য, হাদির হত্যার সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। এ কারণে হত্যাকারী চক্র যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে পরিবারের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে। এসব কারণে তিনি এবং শহীদ হাদির সন্তান চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!